ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত ছিল না; এটি ছিল উপসাগরীয় অঞ্চলের বহু দশকের নিরাপত্তা-ধারণা, কূটনৈতিক ভারসাম্য এবং ক্ষমতার কাঠামোর ওপর এক নির্মম বাস্তবতার আঘাত। এতদিন যে উপসাগরীয় রাজতন্ত্রগুলো মনে করত, মার্কিন নিরাপত্তা ছাতা, পশ্চিমা অস্ত্রভাণ্ডার, সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক নিশ্চয়তার ওপর দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত—এই যুদ্ধ সেই বিশ্বাসের ভিতেই ফাটল ধরিয়ে দিয়েছে। যুদ্ধ দেখিয়ে দিয়েছে, বাইরের শক্তির ওপর ভর করে নিরাপত্তা কেনা যায়, কিন্তু স্থায়ী নিরাপত্তা নির্মাণ করা যায় না। নিজের প্রতিরোধক্ষমতা, নিজস্ব সামরিক প্রস্তুতি, বিকল্প জ্বালানি অবকাঠামো, শ্রমবাজারের স্থিতি এবং রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে নিরাপদ নয়।
এই যুদ্ধের অভিঘাত শুধু হরমুজ প্রণালি বন্ধ হওয়া, জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া কিংবা বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং এটি উপসাগরীয় রাষ্ট্রগুলোর সামরিক দুর্বলতা, রাজনৈতিক নির্ভরতা, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং সামাজিক কাঠামোর সীমাবদ্ধতাকে একসঙ্গে উন্মুক্ত করে দিয়েছে। যুদ্ধ শেষ হলেও যুদ্ধ-পরবর্তী উপসাগর এখন আর আগের উপসাগর নয়। এখানে নতুন হিসাব শুরু হয়েছে—কে কতটা ক্ষতিগ্রস্ত, কার কতটা পুনরুদ্ধারক্ষমতা আছে, কে বিদেশি শক্তির ওপর কতটা নির্ভরশীল, কার জ্বালানি রপ্তানির বিকল্প পথ আছে, আর কে বাস্তব অর্থে আঞ্চলিক নেতৃত্বের দাবিদার হতে পারে।
এই নতুন বাস্তবতায় সৌদি আরব তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে আছে। ইরানের সরাসরি আঘাত থেকে সৌদি আরব অনেক প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াদের প্রতিরোধক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। জ্বালানি রপ্তানির ক্ষেত্রে তার বিকল্প অবকাঠামো আছে। জনসংখ্যার দিক থেকেও সৌদি আরব ছোট উপসাগরীয় রাষ্ট্রগুলোর মতো পুরোপুরি বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরশীল নয়। ফলে যুদ্ধ-পরবর্তী উপসাগরে সৌদি আরবের হাতে নতুন কৌশলগত সুবিধা এসেছে। কিন্তু এখানেই মূল প্রশ্ন—এই সুবিধা কি রিয়াদকে স্বয়ংক্রিয়ভাবে আঞ্চলিক নেতা বানিয়ে দেবে? উত্তর হলো, না। সুযোগ তৈরি হয়েছে, কিন্তু নেতৃত্ব এখনো নিশ্চিত হয়নি।
সৌদি আরবের প্রথম বড় সুবিধা হলো তার প্রতিরোধ অবস্থান এখনো অনেকটা অক্ষত। যুদ্ধ চলাকালে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাষ্ট্রে ব্যাপক আঘাত হানলেও সৌদি আরবের ক্ষেত্রে তুলনামূলকভাবে সংযত থেকেছে। এর পেছনে কেবল সৌদি সামরিক সক্ষমতা নয়, বরং রিয়াদের কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশলও কাজ করেছে। সৌদি আরব সরাসরি সংঘাত বাড়ানোর পথে যায়নি। উত্তেজনার মুহূর্তেও রিয়াদ কূটনৈতিক পথ খোলা রেখেছে। এই অবস্থান তাকে যুদ্ধের আগুন থেকে পুরোপুরি রক্ষা না করলেও সংঘাতকে সৌদি ভূখণ্ডে সর্বাত্মকভাবে ছড়িয়ে পড়া থেকে অনেকাংশে ঠেকিয়েছে।
২ মার্চ সৌদি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও ইরান আনুষ্ঠানিকভাবে তার দায় নেয়নি। বরং তেহরান ঘটনাটিকে ইসরাইলি false-flag অপারেশনের সম্ভাবনা হিসেবে তুলে ধরে। এই জায়গাটি গুরুত্বপূর্ণ। কারণ ইরান চাইলে ঘটনাটিকে বড় আঞ্চলিক সংঘাতে রূপ দিতে পারত, সৌদি আরবও চাইলে সরাসরি প্রতিক্রিয়ার পথে যেতে পারত। কিন্তু দুই পক্ষই এক ধরনের নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্যে ছিল। সৌদি আরব এখানে আবেগ নয়, হিসাব করেছে। যুদ্ধের উত্তাপে নিজেকে পুড়িয়ে ফেলার বদলে রিয়াদ অপেক্ষা করেছে, ভারসাম্য রেখেছে, এবং নিজের অবস্থান ধরে রেখেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরবের জ্বালানি রপ্তানির বিকল্প সক্ষমতা। হরমুজ প্রণালি যদি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সৌদি আরবের কাছে উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত পাইপলাইন সংযোগ আছে। এই অবকাঠামো শুধু অর্থনৈতিক সম্পদ নয়; এটি একধরনের ভূকৌশলগত বীমা। যুদ্ধ-পরবর্তী সময়ে যে রাষ্ট্র জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে পারে, সে শুধু বাজারে নয়, রাজনীতিতেও প্রভাব বাড়ায়। এই জায়গায় সৌদি আরব অনেক প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে এগিয়ে। ফলে কুয়েত, বাহরাইনসহ ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে রিয়াদ এখন নিজেকে নতুন আঞ্চলিক ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
কিন্তু সৌদি আরব শুধু কূটনীতি দিয়ে এই সুযোগ ধরতে চাইছে না; সামরিক ক্ষেত্রেও সে নতুন হিসাব করছে। বহুদিন ধরে উপসাগরীয় নিরাপত্তার মূল কাঠামো ছিল—পশ্চিমা অস্ত্র কিনো, মার্কিন ঘাঁটি রাখো, নিরাপত্তার জন্য ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকো। কিন্তু ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ দেখিয়ে দিয়েছে, এই মডেল অর্ধেক সত্য, অর্ধেক ভ্রান্তি। অস্ত্র কিনলেই সামরিক স্বনির্ভরতা তৈরি হয় না। নিরাপত্তা আমদানি করা যায়, কিন্তু প্রতিরোধক্ষমতা আমদানি করা যায় না। তাই সৌদি আরব এখন অ্যান্টি-ট্যাংক মিসাইল, ড্রোন, unmanned platform, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের যুদ্ধ সক্ষমতার দিকে মনোযোগ বাড়াচ্ছে। তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের মতো উদ্যোগে সৌদি আগ্রহ এই বৃহত্তর কৌশলগত পরিবর্তনেরই ইঙ্গিত।
অর্থনৈতিক দিক থেকেও সৌদি আরব একটি মিশ্র বাস্তবতার মধ্যে আছে। যুদ্ধের আগে সৌদি অর্থনীতি খুব আরামদায়ক অবস্থায় ছিল—এমন বলা যাবে না। তেলের দাম দীর্ঘ সময় তুলনামূলকভাবে কম থাকায় Vision 2030-এর কিছু উচ্চাভিলাষী প্রকল্পের বাস্তবতা নতুন করে ভাবতে হয়েছে। NEOM-এর The Line-এর মতো বড় প্রকল্প বিলম্ব, পুনর্বিন্যাস বা ব্যয়সংকোচনের মুখে পড়েছে। রিয়াদ বুঝেছে, কাগজে-কলমে মেগা-প্রকল্প ঘোষণা করা সহজ, কিন্তু দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর টেকসই রাজস্ব, বিনিয়োগকারীর আস্থা এবং বাস্তব সক্ষমতা ছাড়া সম্ভব নয়।
তবে যুদ্ধ-পরবর্তী তেলের মূল্যবৃদ্ধি সৌদি আরবকে নতুন আর্থিক সুবিধা দিয়েছে। উৎপাদন সক্ষমতা কিছু ক্ষেত্রে সীমিত হলেও উচ্চ তেলের দাম রিয়াদের রাজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে। অন্যদিকে বিকল্প পাইপলাইন অবকাঠামো তাকে হরমুজ প্রণালির ওপর একক নির্ভরতা থেকে কিছুটা মুক্ত করেছে। এই জায়গায় সৌদি আরব শুধু বড় তেল উৎপাদক নয়, বরং সংকটকালে তুলনামূলকভাবে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছে। যুদ্ধ-পরবর্তী উপসাগরে এটি ছোট বিষয় নয়; এটি ক্ষমতার মুদ্রা।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শ্রমশক্তি ও জনসংখ্যা। উপসাগরীয় অর্থনীতি শুধু তেল, গ্যাস, বন্দর, ব্যাংকিং বা রিয়েল এস্টেটের ওপর দাঁড়িয়ে নেই; এগুলোর পেছনে আছে বিদেশি শ্রমিক, দক্ষ পেশাজীবী, প্রযুক্তিকর্মী, নির্মাণশ্রমিক, স্বাস্থ্যকর্মী এবং প্রবাসী জনগোষ্ঠীর বিশাল কাঠামো। যুদ্ধের পর শুধু রাস্তা, বন্দর, বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনা মেরামত করলেই চলবে না; বিদেশি শ্রমশক্তির আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষ যদি মনে করে কোনো দেশ নিরাপদ নয়, সেখানে দীর্ঘমেয়াদি পেশাগত ভবিষ্যৎ নেই, রাজনৈতিক স্থিতি নেই—তাহলে পুনর্গঠন ধীর হয়ে যায়।
এই জায়গাতেও সৌদি আরবের একটি সুবিধা আছে। কাতার, কুয়েত, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের মতো ছোট জনসংখ্যার রাষ্ট্রগুলোর তুলনায় সৌদি আরবের নিজস্ব জনসংখ্যা বড়। ফলে বিদেশি শ্রমশক্তির ওপর তার নির্ভরতা তুলনামূলকভাবে কম। অবশ্য সৌদি অর্থনীতিও প্রবাসী শ্রমিক ছাড়া চলবে না, কিন্তু তার ভেতরকার জনসংখ্যাগত গভীরতা তাকে কিছুটা স্থিতি দেয়। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের যুগে এই জনসংখ্যাগত স্থিতি, আর্থিক ক্ষমতা এবং তুলনামূলক নিরাপদ ভাবমূর্তি সৌদি আরবকে বাড়তি সুবিধা দিতে পারে।
তবুও সৌদি আরবের সামনে বড় বাধা আছে। সবচেয়ে বড় বাধা হলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ক্রমবর্ধমান কৌশলগত দূরত্ব। বাইরে থেকে সৌদি আরব ও আমিরাতকে একই উপসাগরীয় ব্লকের অংশ মনে হলেও বাস্তবে তাদের স্বার্থ অনেক ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক, ইরান-নীতি, ইয়েমেন, সোমালিয়া, সুদান, বন্দর রাজনীতি, আফ্রিকার প্রভাববলয়—প্রতিটি ক্ষেত্রেই রিয়াদ ও আবুধাবি এক পথে হাঁটছে না। সৌদি আরব নিজেকে বৃহত্তর আরব ও ইসলামি বিশ্বের কেন্দ্রীয় শক্তি হিসেবে দেখতে চায়। আমিরাত চায় দ্রুত, নমনীয়, অর্থনৈতিকভাবে আক্রমণাত্মক এবং কূটনৈতিকভাবে বহুমুখী এক প্রভাববলয় তৈরি করতে।
এই প্রতিযোগিতা সৌদি আরবের নেতৃত্বের পথে বড় সীমাবদ্ধতা তৈরি করতে পারে। কারণ আঞ্চলিক নেতৃত্ব কেবল বড় ভূখণ্ড, বড় জনসংখ্যা বা বেশি তেল থাকার কারণে আসে না। নেতৃত্ব আসে জোট ধরে রাখার ক্ষমতা থেকে, প্রতিদ্বন্দ্বীকে সামলানোর দক্ষতা থেকে, সংকটে আস্থা তৈরি করার সক্ষমতা থেকে। আমিরাতের হাতে অর্থ আছে, বন্দর আছে, কূটনৈতিক নেটওয়ার্ক আছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং আফ্রিকা থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত অংশীদারিত্ব আছে। ফলে সৌদি আরব যদি মনে করে যুদ্ধ-পরবর্তী উপসাগর সে একাই সাজাবে, তবে সেটি বাস্তবতার চেয়ে বেশি আত্মবিশ্বাস হবে।
দ্বিতীয় বড় অনিশ্চয়তা হলো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভবিষ্যতে উপসাগরে কী করবে—এটাই এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র কি আগের মতো নিরাপত্তা নিশ্চয়তা দেবে? নাকি ধীরে ধীরে বলবে, তোমরা অস্ত্র কিনেছ, এবার নিজেদের নিরাপত্তা নিজেদের সামলাও? ট্রাম্প যুগে হোক কিংবা ট্রাম্প-পরবর্তী সময়ে—মার্কিন নীতির যে কোনো পরিবর্তন সৌদি নিরাপত্তা হিসাবকে সরাসরি প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্র যদি পিছু হটে, সৌদি আরবকে দ্রুত সামরিক স্বনির্ভরতার পথে যেতে হবে। আর যুক্তরাষ্ট্র যদি আবার শক্তভাবে ফিরে আসে, তবে আঞ্চলিক স্বনির্ভরতার তাগিদ কিছুটা কমে যেতে পারে। কিন্তু দুই ক্ষেত্রেই সৌদি আরবের সামনে একটাই বাস্তবতা—ওয়াশিংটনের ওপর অন্ধ নির্ভরতার যুগ শেষের পথে।
এখানেই যুদ্ধ-পরবর্তী উপসাগরের আসল শিক্ষা। নিরাপত্তা, জ্বালানি, শ্রমবাজার, কূটনীতি, সামরিক প্রযুক্তি এবং আঞ্চলিক নেতৃত্ব—সবকিছু নতুন করে সাজানো হচ্ছে। এই পুনর্বিন্যাসের মধ্যে সৌদি আরবের হাতে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। সে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত, তার জ্বালানি রপ্তানির বিকল্প পথ আছে, তার অর্থনৈতিক ভিত্তি এখনো শক্তিশালী, তার জনসংখ্যাগত গভীরতা আছে, এবং সে সামরিক স্বনির্ভরতার দিকে এগোতে চাইছে। সব মিলিয়ে রিয়াদ যুদ্ধ-পরবর্তী উপসাগরে কেন্দ্রীয় ভূমিকায় উঠতে পারে।
কিন্তু ইতিহাসে সুযোগ অনেক রাষ্ট্র পেয়েছে; সবাই নেতৃত্বে উঠতে পারেনি। সৌদি আরবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাকে প্রমাণ করতে হবে, সে কেবল তেলের অর্থে বড় নয়, কৌশলগত চিন্তায়ও পরিণত। সে কেবল অস্ত্র কিনতে পারে না, নিরাপত্তা স্থাপত্যও গড়তে পারে। সে কেবল প্রতিবেশীদের ছাপিয়ে যেতে চায় না, তাদের সঙ্গে ন্যূনতম আস্থা ও সমন্বয়ের কাঠামোও তৈরি করতে পারে। সে কেবল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র নয়, নিজের স্বার্থে স্বাধীনভাবে হিসাব করতে সক্ষম একটি আঞ্চলিক শক্তি।
যুদ্ধ-পরবর্তী উপসাগরে সৌদি আরবের সামনে দরজা খুলেছে, কিন্তু সেই দরজা দিয়ে ঢুকে নেতৃত্বের আসনে বসা এখনো সহজ নয়। রিয়াদের সামনে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগকে স্থায়ী প্রভাবের রূপ দিতে হলে তাকে একসঙ্গে তিনটি কাজ করতে হবে—নিজস্ব প্রতিরোধক্ষমতা বাড়ানো, উপসাগরীয় প্রতিযোগিতা সামলানো এবং বহিরাগত শক্তির সঙ্গে সম্পর্কের নতুন ভারসাম্য তৈরি করা। শেষ পর্যন্ত সৌদি আরব নেতা হবে কি না, তা নির্ভর করবে তার অর্থ বা অস্ত্রের পরিমাণের ওপর নয়; নির্ভর করবে সে ক্ষমতাকে কতটা প্রজ্ঞার সঙ্গে ব্যবহার করতে পারে, আর যুদ্ধ-পরবর্তী বিশৃঙ্খলাকে কতটা টেকসই আঞ্চলিক শৃঙ্খলায় রূপ দিতে পারে তার ওপর।