বাংলাদেশ এমন এক দেশ, যার অর্থনীতি দীর্ঘদিন ধরেই এক ধরনের নাজুক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে বিপুল জনসংখ্যা, সীমিত ভূখণ্ড, আমদানিনির্ভর জ্বালানি কাঠামো, দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং নিম্ন আয়ের বিপুল জনগোষ্ঠী। অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য নির্ভরতা মূলত তিন খাতে—রেমিট্যান্স, তৈরি পোশাক রপ্তানি এবং সীমিত পরিসরের কিছু সেবা ও শিল্পোৎপাদন। এই অর্থনীতির ওপর যদি একই সঙ্গে জ্বালানি-সংকট, বৈশ্বিক মন্দা, মধ্যপ্রাচ্য-সংকট, সরবরাহব্যবস্থার ব্যাঘাত এবং দেশীয় রাজনৈতিক অনিশ্চয়তা আঘাত হানে, তাহলে তা শুধু “কঠিন সময়” তৈরি করে না বরং রাষ্ট্রের আর্থসামাজিক স্থিতিশীলতার ভিত কাঁপিয়ে দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, মধ্যপ্রাচ্যসংকটের অভিঘাতে বাংলাদেশে জ্বালানি আমদানি ব্যয় ও সরবরাহ-চাপ ইতিমধ্যে তীব্র হয়েছে, রেশনিং ও বিকল্প সরবরাহের পথ খোঁজা হচ্ছে।
বাংলাদেশের সামনে প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক বিপদ হলো জ্বালানি নিরাপত্তার ভাঙন। বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির মাধ্যমে মেটায়। অর্থাৎ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে, শিপিং ব্যয় বাড়লে, এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে কিংবা ডলার সংকট তীব্র হলে—বাংলাদেশের অর্থনীতি সঙ্গে সঙ্গে চাপের মধ্যে পড়ে। এ কারণেই বর্তমানে সরকার রাশিয়া থেকে ডিজেল আনার জন্য ছাড় চাইছে, ভারত থেকেও বাড়তি সরবরাহের পথ খুঁজছে, এবং বিভিন্ন প্রশাসনিক সাশ্রয়মূলক পদক্ষেপ বিবেচনা করছে। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সমস্যা শুধু বাজারদরের নয়; সমস্যা হলো জ্বালানি আমদানি-ক্ষমতা, বৈদেশিক মুদ্রার জোগান, এবং সরবরাহচেইনের স্থায়িত্ব।
জ্বালানি-সংকটের দ্বিতীয় ধাপটি আরও ভয়ংকর, কারণ এটি মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিস্ফোরণ ঘটায়। বাংলাদেশ আমদানিনির্ভর দেশ—জ্বালানি শুধু গাড়ির ট্যাংকে যায় না; এটি যায় কৃষিতে, সেচে, কারখানায়, বিদ্যুৎকেন্দ্রে, কোল্ড চেইনে, নৌ-পরিবহনে, ট্রাকে, বাজারে, এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের চূড়ান্ত দামের ভেতরেও। তেলের দাম বেড়ে গেলে চীনে উৎপাদন খরচ বাড়ে, সমুদ্রপথে কনটেইনার পরিবহণ ব্যয় বাড়ে, বন্দরে আনলোডিং থেকে অভ্যন্তরীণ পরিবহণ পর্যন্ত প্রতিটি ধাপে নতুন খরচ যোগ হয়। তার অর্থ দাঁড়ায়—বাংলাদেশে শুধু অকটেন বা ডিজেলের দাম বাড়ে না বরং চাল, ডাল, তেল, পেঁয়াজ, ওষুধ, নির্মাণসামগ্রী, কাপড়, প্লাস্টিক, সার—সবকিছুর দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়। এই ব্যয়চাপ মধ্যবিত্তকে সংকুচিত করে, নিম্নবিত্তকে ভেঙে দেয়, আর দরিদ্র জনগোষ্ঠীকে টিকে থাকার লড়াইয়ে ঠেলে দেয়। এ ধরনের পরিস্থিতি এশিয়ার বিভিন্ন দেশে ইতিমধ্যে অস্থিরতা তৈরি করছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
তৃতীয় বড় বিপদ হলো বৈদেশিক মুদ্রার ওপর দ্বিমুখী চাপ। একদিকে জ্বালানি কিনতে বেশি ডলার লাগবে, অন্যদিকে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আয়ের পথ অনিশ্চিত হতে পারে। এই ঝুঁকিটা বাংলাদেশের জন্য তাত্ত্বিক নয়, একেবারেই বাস্তব। সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, বাংলাদেশের মোট রেমিট্যান্স আয়ের প্রায় ৪৫ শতাংশেরও বেশি আসে জিসিসি বা উপসাগরীয় দেশগুলো থেকে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক ৩০ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্সের প্রায় অর্ধেকই মধ্যপ্রাচ্যনির্ভর। ২০২৫-এ রেমিট্যান্স রেকর্ড উচ্চতায় উঠেছিলো বটে, কিন্তু বিশ্লেষকেরা একই সঙ্গে সতর্কও করেছেন যে মধ্যপ্রাচ্য-সংকট দীর্ঘ হলে এই প্রবাহে বড় ধাক্কা আসতে পারে, যার প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান।
এখানেই বাংলাদেশের ঝুঁকি আরও গভীর। কারণ রেমিট্যান্স শুধু পরিবারে খরচ চালায় না। এটি গ্রাম-শহরে ভোগব্যয় সচল রাখে, বাড়িঘর নির্মাণে টাকা দেয়, ছোট ব্যবসা সচল রাখে, ব্যাংকিং চ্যানেলে ডলার আনে এবং রাষ্ট্রের সামষ্টিক অর্থনীতিকে একটি “শক অ্যাবজর্বার” দেয়। রেমিট্যান্স কমে গেলে শুধু রিজার্ভ কমবে না; গ্রামীণ অর্থনীতি নিস্তেজ হবে, ভোক্তা চাহিদা কমবে, ক্ষুদ্র ব্যবসা বন্ধ হবে এবং ডলারের বাজারে আরও চাপ তৈরি হবে। তখন সরকারকে হয় আরও বেশি ঋণ নিতে হবে, নয়তো আমদানি আরও কঠিন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। উভয় পথই অর্থনীতিকে আরও সংকুচিত করবে।
চতুর্থ বড় সংকট হলো তৈরি পোশাক খাতের সম্ভাব্য ধাক্কা। বাংলাদেশের রপ্তানি আয়ের মেরুদণ্ডই হলো আরএমজি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব সম্প্রতি বেড়েছে এবং এই খাত এখনও দেশের মোট রপ্তানির বিরাট অংশ জুড়ে আছে। কিন্তু এই সাফল্য খুব ভঙ্গুর। কারণ পোশাক হলো এমন একটি পণ্য, যা বৈশ্বিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, সুদের হার এবং পশ্চিমা দেশগুলোর ভোক্তা-মনস্তত্ত্বের ওপর নির্ভরশীল। আমেরিকা ও ইউরোপে যদি পরিবারগুলো “পে-চেক টু পে-চেক” বাস্তবতায় আরও চাপে পড়ে, তারা প্রথমেই যেসব খরচ কমায় তার মধ্যে পোশাক অন্যতম। সুতরাং যুদ্ধজনিত জ্বালানি-আঘাত যদি বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়, তাহলে বাংলাদেশি পোশাক রপ্তানিও দ্রুত চাপের মুখে পড়তে পারে।
আর রপ্তানি কমে গেলে তার সামাজিক অভিঘাত হবে অসাধারণ কঠোর। কারণ আরএমজি খাত কেবল বৈদেশিক মুদ্রা আনে না; এটি বিপুলসংখ্যক শ্রমিক—বিশেষত নারী শ্রমিক—কে কর্মসংস্থান দেয়। এই খাতে অর্ডার কমা মানে শুধু কারখানার উৎপাদন হ্রাস নয়; মানে ওভারটাইম বন্ধ, মজুরি-চাপ, ছাঁটাই, বকেয়া বেতন, উপকরণ সরবরাহকারীর সংকট, পরিবহন খাতের কাজ কমে যাওয়া এবং শহরাঞ্চলে নিম্নআয়ের মানুষের উপর বহুগুণ চাপ তৈরি হওয়া। দ্রব্যমূল্য বাড়ার সময়েই যদি শ্রমঘন খাতে বেকারত্ব বাড়ে, তাহলে সামাজিক অস্থিরতা প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
পঞ্চম বিপদ হলো শিল্প উৎপাদনের ভাঙন। বাংলাদেশের বহু শিল্প সরাসরি বা পরোক্ষভাবে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, ডিজেল ও পেট্রোকেমিক্যালের ওপর নির্ভরশীল। প্লাস্টিক, সার, সিরামিক, টেক্সটাইল প্রসেসিং, ডাইং, প্যাকেজিং, পরিবহণ, ঠান্ডা সংরক্ষণ—প্রতিটি খাত জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদন খরচের নতুন দেয়াল সামনে দাঁড়ায়। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে দীর্ঘসময় এই ধাক্কা সইবার মতো পুঁজি সাধারণত থাকে না। ফলে বড় শিল্প কোনোভাবে টিকে থাকলেও ছোট শিল্প একের পর এক বন্ধ হতে থাকে। এর প্রভাব কর্মসংস্থান, ব্যাংকঋণ, খেলাপি ঋণ এবং শহর-নগরের অনানুষ্ঠানিক শ্রমবাজারে দ্রুত ছড়িয়ে পড়ে।
ষষ্ঠ চ্যালেঞ্জ হলো খাদ্য ও কৃষি নিরাপত্তা। বাংলাদেশে কৃষি এখনো ডিজেলচালিত সেচ, সার, কীটনাশক, পরিবহণ ও কোল্ড চেইনের ওপর নির্ভরশীল। তেলের দাম ও ডলারের দাম একসঙ্গে বাড়লে কৃষকের উৎপাদন খরচ বাড়বে। এতে খাদ্যদ্রব্যের বাজারমূল্য বেড়ে যাবে, কিন্তু কৃষক সবসময় ন্যায্য দাম পাবে না—মধ্যস্বত্বভোগী ও পরিবহণ-খরচের কারণে লাভের বড় অংশ অন্যত্র চলে যেতে পারে। ফলে একই সঙ্গে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ-পরিস্থিতির অর্থনৈতিক অভিঘাতে খাদ্য নিরাপত্তাহীনতা একটি রাজনৈতিক ইস্যুতেও পরিণত হতে পারে।
সপ্তম এবং অত্যন্ত স্পর্শকাতর বিপদ হলো সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার অবক্ষয়। জ্বালানি কমে গেলে প্রথমে লাইন লম্বা হয়, তারপর কালোবাজার তৈরি হয়, এরপর মজুতদারি, পরিবহণ জট, স্থানীয় দখলদারিত্ব, পুলিশি চাপ, ক্ষোভ, সংঘর্ষ এবং শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশসহ এশিয়ার কিছু দেশে জ্বালানি-সংকটকে ঘিরে সহিংসতা, আতঙ্ক, মজুতদারি ও চুরি-ডাকাতির বৃদ্ধির কথা উঠে এসেছে। একটি দরিদ্র, জনবহুল, রাজনৈতিকভাবে উত্তেজিত রাষ্ট্রে এই ধরণের চাপ খুব দ্রুত অর্থনৈতিক সমস্যা থেকে শাসনব্যবস্থার সংকটে রূপ নিতে পারে।
অষ্টম চ্যালেঞ্জ হলো রাষ্ট্রীয় বৈধতা ও প্রশাসনিক সক্ষমতার পরীক্ষা। যখন জনগণ দেখতে পায় যে পাম্পে তেল নেই, বিদ্যুৎ অনিয়মিত, খাদ্যের দাম বাড়ছে, কর্মসংস্থান কমছে, তখন তারা কেবল বাজারকে দোষ দেয় না—সরকারকেও দায়ী করে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, এমন মুহূর্তে তাকে প্রমাণ করতে হয় যে রাষ্ট্র এখনও নিয়ন্ত্রণে আছে। জ্বালানি রেশনিং, শিক্ষা প্রতিষ্ঠান আংশিক অনলাইনে নেওয়া, সরকারি কার্যক্রমে সাশ্রয়, বিকল্প আমদানি, আর্থিক সহায়তা তোলা—এসব পদক্ষেপ বাস্তবে বাংলাদেশ এখন বিবেচনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব কি কেবল সময় কিনে দেবে, নাকি মূল সমস্যার সমাধান করবে?
নবম বিপদ হলো রাজনৈতিক মেরুকরণ ও দোষারোপের বিষচক্র। বাংলাদেশের রাজনীতি এমনিতেই প্রতিশোধ, অবিশ্বাস ও তীব্র দলীয় বিভাজনের ওপর দাঁড়িয়ে আছে। সংকট যত বাড়বে, ততই সরকার বিরোধী শক্তি ব্যর্থতার অভিযোগ তুলবে, আর সরকার “বাহ্যিক যুদ্ধ”, “বিশ্ববাজার”, “অন্তর্ঘাত”, “মজুতদার” বা “সাবোটাজ”কে দায়ী করবে। কিন্তু সাধারণ মানুষ শেষ পর্যন্ত দেখে—চাল কিনতে পারছে কি না, গাড়িতে তেল আছে কি না, সন্তানকে কাজে পাঠাতে পারছে কি না, বাসাভাড়া দিতে পারছে কি না। তাই অর্থনৈতিক চাপ রাজনৈতিক স্থিতিশীলতাকে খেয়ে ফেলতে শুরু করলে তার ফল হয় দীর্ঘমেয়াদি। এটা নির্বাচনী রাজনীতির বাইরেও রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করে।
দশম চ্যালেঞ্জ হলো বৈদেশিক কূটনীতি ও কৌশলগত নির্ভরতার পুনর্বিন্যাস। বাংলাদেশ এখন এক ধরনের জিওইকোনমিক চাপে আছে। তাকে জ্বালানি চাই, ডলার চাই, বাজার চাই, শ্রমবাজার চাই—আর এই চারটি জিনিসই বহির্বিশ্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে ঢাকা একদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবে, অন্যদিকে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র—সব পক্ষের সঙ্গে কাজের সম্পর্কও ধরে রাখতে হবে। রাশিয়া থেকে ডিজেল চাওয়ার প্রশ্ন, ভারতের সহায়তা চাওয়া, বহুপাক্ষিক অর্থায়ন তোলা—সব মিলিয়ে এটি শুধু অর্থনৈতিক নয়, পররাষ্ট্রনীতিরও বড় পরীক্ষা। ভুল ভারসাম্য কূটনৈতিক ঝুঁকি ডেকে আনতে পারে; আবার অতিরিক্ত সতর্কতা প্রয়োজনীয় সিদ্ধান্তও বিলম্বিত করতে পারে।
একাদশ এবং দীর্ঘমেয়াদি বিপদ হলো দারিদ্র্যের পুনরুৎপাদন। বাংলাদেশ বহু বছর ধরে দারিদ্র্য হ্রাস, নারীর কর্মসংস্থান, প্রবাসী আয়ের সামাজিক প্রভাব, ক্ষুদ্রঋণ এবং রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে কিছু ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। কিন্তু জ্বালানি-ধাক্কা, রপ্তানি-ধস, রেমিট্যান্স অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতি একসঙ্গে এলে বহু পরিবার আবার দরিদ্রতায় ফিরে যেতে পারে। শিশুদের স্কুল ছাড়ার হার বাড়তে পারে, অপুষ্টি বাড়তে পারে, শহরমুখী অনিয়ন্ত্রিত শ্রমপ্রবাহ বাড়তে পারে, এমনকি অপরাধপ্রবণতাও বাড়তে পারে। অর্থাৎ সংকট কেবল অর্থনীতিকে আঘাত করে না; এটি একটি দেশের ভবিষ্যৎ মানবসম্পদকেও ক্ষতিগ্রস্ত করে।
সবশেষে যে কথাটি সবচেয়ে জরুরি, তা হলো—বাংলাদেশের সামনে বিপদটি একক নয়, সমষ্টিগত। এটি শুধু তেলের সমস্যা নয়, শুধু ডলারের সমস্যা নয়, শুধু রপ্তানির সমস্যা নয়, শুধু রাজনীতির সমস্যা নয়। এটি এমন এক জটিল সংকট, যেখানে জ্বালানি-সংকট মুদ্রাস্ফীতি বাড়ায়, মুদ্রাস্ফীতি সামাজিক ক্ষোভ বাড়ায়, সামাজিক ক্ষোভ রাজনৈতিক চাপ বাড়ায়, রাজনৈতিক চাপ বিনিয়োগ ও উৎপাদন কমায়, উৎপাদন কমে গেলে কর্মসংস্থান পড়ে যায়, কর্মসংস্থান কমলে সামাজিক অস্থিরতা আবার আরও বাড়ে। অর্থাৎ এটি একটি দুষ্টচক্র।
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ, নিম্ন-মধ্যম আয়ের, আমদানিনির্ভর এবং শ্রমরপ্তানিনির্ভর দেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন এই: রাষ্ট্র কি আগাম প্রস্তুতি, বাস্তববাদী কূটনীতি, কঠোর বাজার-তদারকি, ভর্তুকির বুদ্ধিদীপ্ত ব্যবহার, প্রবাসী আয়ের সুরক্ষা, শিল্পখাতে জরুরি সহায়তা এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা—এই সবকিছুকে একসঙ্গে সক্রিয় করতে পারবে? নাকি সবকিছু কেবল অগ্নিনির্বাপণমূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে?
কারণ এই সংকটের নিষ্ঠুর বাস্তবতা হলো—বাংলাদেশের মতো দেশগুলোর জন্য যুদ্ধ অনেক সময় সীমান্তে আসে না; আসে পাম্পে, বাজারে, কারখানায়, রেমিট্যান্সের হিসাবে, আর শেষ পর্যন্ত মানুষের রান্নাঘরে।
মইনুল হক
ডেট্রয়েট, মিশিগান।

